কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য, ব্যাগে লুকানো কোটির বেশি বিদেশি টাকা!
বার্তা ডেস্কঃ
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও এক চাঞ্চল্যকর চোরাচালান চক্রান্ত ব্যর্থ করল নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরা। ব্যাঙ্ককগামী ভুটান এয়ারলাইন্সের এক পুরুষ ও এক মহিলা যাত্রীকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। তাঁদের সঙ্গীয় ব্যাগেই মিলল বিপুল পরিমাণ লুকানো বিদেশি মুদ্রা। সুনির্দিষ্ট তল্লাশি চালিয়ে নিরাপত্তারক্ষীরা মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করেন, ভারতীয় মুদ্রায় যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা।
তদন্তকারীদের চোখ এড়াতে বিপুল এই মার্কিন ডলার অত্যন্ত নিখুঁতভাবে কাগজের প্যাকেটে মুড়ে ব্যাগের গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয়েছিল। বাজেয়াপ্ত হওয়া অর্থের মধ্যে মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪৫ হাজার এবং পুরুষ যাত্রীর ব্যাগ থেকে বাকি ৭৪ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার হয়। তবে এই বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা কোত্থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। এর নেপথ্যে কোনো আন্তর্জাতিক হাওয়ালার যোগ রয়েছে কি না, তা জানতে দুই যাত্রীকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।