অরুণাচল সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, চিনা ফৌজের মুখোমুখি আইটিবিপি!
বার্তা ডেস্কঃ
অরুণাচল প্রদেশ সীমান্তে একাধিক স্থানে চিনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর। অরুণাচলের উত্তর-পূর্ব সীমান্তে চলমান এই উত্তেজনার বিষয়ে এটি প্রথম সরকারি স্বীকৃতি। আইটিবিপি প্রধান জানান, গত জুলাই মাস থেকেই টাকসিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীকে টহল দিতে বাধা দিচ্ছে চিনা সেনারা। উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ‘শৌর্য’ কমান্ডোরা এই পরিস্থিতিতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। চিন সীমান্তকে সবচেয়ে কঠিন ফ্রন্ট হিসেবে উল্লেখ করে তিনি জানান, সীমান্ত সুরক্ষা জোরদার করতে প্রতিটি ইউনিটে ড্রোন প্লাটুন ও ভূগর্ভস্থ কাঠামো গড়ে তোলা হয়েছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজাঁ। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, একদিকে চিন অরুণাচলে বিভিন্ন স্থানের নাম পরিবর্তন ও বাঁধ নির্মাণ করে হুমকি তৈরি করছে, অন্যদিকে সরকার এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করছে না। যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই দাবি খারিজ করে স্পষ্ট জানিয়েছেন যে, অরুণাচল প্রদেশে নতুন করে কোনও দখলদারিত্বের ঘটনা ঘটেনি। ডোকলাম ও পূর্ব লাদাখের পর এই নতুন সীমান্ত উত্তেজনার জেরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।