বিশ্ব এগোচ্ছে, আর দেশে অশান্তির স্বপ্ন! মোদীর তোপ কার দিকে?
বার্তা ডেস্কঃ
বেসরকারি সংবাদমাধ্যম ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট’-এ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, সমগ্র বিশ্ব যখন নতুন দিশা খুঁজছে, তখন দেশের ভেতরে কিছু মানুষ অশান্তির স্বপ্ন দেখছেন এবং বিদেশে গিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। ব্যর্থ ঢাকতে কংগ্রেস ভারতের সাফল্য ও অগ্রগতি নিয়েই প্রশ্ন তুলছে বলে তোপ দাগেন তিনি। রাহুলকে বারবার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা প্রসঙ্গে কটাক্ষ করে মোদী বলেন, শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে বছরে যতগুলো রকেট উৎক্ষেপণ হয়, তার চেয়েও বেশিবার নিজেদের নেতাকে লঞ্চ করতে গিয়ে কংগ্রেস ব্যর্থ হয়েছে।
সমালোচনার ঝাঁজ আরও বাড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, তথাকথিত ‘দিমাগি নকশাল’রা এখন কংগ্রেসের চিন্তাভাবনা ও মগজ পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে। ফলে দলটির নিজস্ব আর কোনো ভাবার ক্ষমতাই নেই। এই চেঁচামেচির কারণে গণতান্ত্রিক উপায়ে মতামত জানাতে চাওয়া প্রকৃত বিরোধীদের কণ্ঠস্বরও ঢাকা পড়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে সম্প্রতি ভোটচুরির অভিযোগ তোলা বিরোধী আন্দোলনগুলির মধ্যে অশুভ যোগসাজশ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্য জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।