সৌদি আরবে ভয়াবহ হামলার হুমকি, বাড়ছে বড় বিপদের আশঙ্কা!
বার্তা ডেস্কঃ
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের হামলার দাবি করেছে। তাদের মূল নিশানায় ছিল রিয়াধ ও দাম্মামের বিমানবন্দর, তেল সংস্থা সৌদি আরামকোর বিভিন্ন কেন্দ্র এবং প্রধান তেল পরিশোধনাগারগুলি। তবে এই হামলার দাবির সত্যতা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। হুথিদের সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী, কিং খালিদ ও কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনে হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে বলে জানায়। সম্ভাব্য বিপদের আশঙ্কায় তাইফ, ইয়ানবু, মক্কা ও জেড্ডার বাসিন্দাদের সতর্ক করা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয়। সাম্প্রতিক এই সংঘাতের জেরে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব বাজারে তেল রফতানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রিয়াধ বিমানবন্দরে হওয়া হামলায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল, যার দায়ও স্বীকার করেছিল এই বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর কাছে হুথিদের ক্রমবর্ধমান উপস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যের পথকে হুমকিতে ফেলছে। রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় অতীতে অর্জিত যুদ্ধবিরতির সুফল ভেঙে গিয়ে মধ্যপ্রাচ্যে ফের বড় ধরণের সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।