কিংবদন্তি চিত্রকর যোগেন চৌধুরী আর নেই!

বার্তা ডেস্কঃ

প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রকর তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী। ব্লাড ক্যানসার এবং মূত্রনালির সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গত ১৪ মাস ধরে বিরল ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর কেমোথেরাপি চলছিল। চলতি বছরের দুর্গাপুজোর ষষ্ঠীর দিন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণের জেরে সেপসিসের উপসর্গ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং শনিবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্ম নেওয়া এই শিল্পীর আঁকার হাতেখড়ি হয়েছিল কলকাতাতেই। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টে পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে প্যারিসে উচ্চশিক্ষা লাভ করেন। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজনীতি ও সমাজের নানা অসংগতিকে ব্যঙ্গাত্মক ছন্দে ফুটিয়ে তুলে তিনি ভারতীয় চিত্রকলায় এক অনন্য নজির গড়েছিলেন। তাঁর প্রয়াণে শিল্প জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *