বিচারকের ছেলের মার্সিডিজেই পিষে মৃত্যু প্রৌঢ়ের, পুণের ছায়া এবার কোচিতে!

বার্তা ডেস্কঃ

পুণের চাঞ্চল্যকর পোর্শে কাণ্ডের ছায়া এবার কোচিতে। বিচারকের ১৭ বছরের ছেলের বেপরোয়া মার্সিডিজ বেঞ্জ গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন জয়াবালাকৃষ্ণন নামের এক প্রৌঢ়। ৫৫ বছরের ওই ব্যক্তি স্কুটারে চেপে বাড়ি ফেরার পথে রবিবার ভোররাত ২টো থেকে ৩টের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই জনবহুল রাস্তায় বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছিল অভিযুক্ত নাবালক। গাড়ির ধাক্কায় স্কুটারটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং বেপরোয়া গতির জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে ধাক্কা মারলেও অভিযুক্ত নাবালক মদ্যপ অবস্থায় ছিল না। তবুও নিশ্চিত হতে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার পর ১৭ বছরের কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অবহেলার কারণে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এদিকে মৃত জয়াবালাকৃষ্ণনের ভাইঝি অভিযোগ করেছেন, থানায় নাবালক চালকের বাবাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উল্টে গালমন্দ করেন। তিনি এই ঘটনার কঠোর আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *