মাত্র ৬ ঘণ্টায় অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব! বাংলার জন্য বড় সতর্কবার্তা দিল আলিপুর।
বার্তা ডেস্কঃ
চোখের নিমেষে চরম ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় অর্ণব। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তীব্র থেকে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামীকাল দুপুরের আগেই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দক্ষিণ উপকূলে এই ঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় অন্ধ্র উপকূলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটারে পৌঁছাতে পারে। সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগের জয়ে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা উপকূলে গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।
সরাসরি বাংলায় ল্যান্ডফল না করলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে দুর্যোগের শঙ্কা কাটছে না। ল্যান্ডফলের পর ঝড়টি বাঁক নেওয়ায় আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির লাল বা কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কারণে দার্জিলিংয়ে ধসের চরম আশঙ্কা দেখা দিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ থেকেই গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।