২ হাজার ফুট গভীরে অলৌকিক উদ্ধার, খনি থেকে জীবিত ফিরলেন ১২ জন!
বার্তা ডেস্কঃ
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে কাজ করতে গিয়ে এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হন ১২ জন খনি শ্রমিক। সোমবার বিকেলে প্রায় ২ হাজার ফুট গভীরে নামার পর যান্ত্রিক ত্রুটির কারণে ডুলিতেই আটকে পড়েন তাঁরা। ঘটনার খবর ছড়াতেই এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ প্রশাসন এবং খনি বিশেষজ্ঞ দল। পরিস্থিতির গুরত্ব বুঝে প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে যৌথ উদ্ধারকার্য শুরু হয়। দীর্ঘ সময় ধরে আটকে থাকা শ্রমিকদের মানসিক বল ধরে রাখতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে ওয়াকিটকির মাধ্যমে লাগাতার যোগাযোগ বজায় রাখা হয়, পাশাপাশি পাঠানো হয় জল ও শুকনো খাবার।
সারা রাত ধরে চলা টানটান উত্তেজনা ও রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ঘটে সেই কাঙ্ক্ষিত অলৌকিক ঘটনা। খনি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দলের টানা প্রচেষ্টায় আটকে থাকা ১২ জন শ্রমিককেই অক্ষত অবস্থায় নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। উদ্ধার হওয়া প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শ্রমিকদের এই অলৌকিক মুক্তির পর তাঁদের পরিবার ও সহকর্মীদের মাঝে স্বস্তির ছায়া নেমে আসে। তবে এই ঘটনা খনি গর্ভে শ্রমিকদের নিরাপত্তা এবং জরুরিকালীন উদ্ধার ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে পুনরায় বড়সড় প্রশ্ন তুলে দিল।