গাইঘাটায় চাঞ্চল্য! নাবালিকা ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত

বার্তা ডেস্কঃ

গত রবিবার গাইঘাটায় প্রতিবেশীর বাড়ি থেকে এক কিশোরীর ক্ষতবিক্ষত ও বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রহ্লাদ দাস নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে সোমবার রাতে তাকে ঘটনাস্থলের পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, ফেরার পথে অভিযুক্ত সার্ভিস রিভলভার ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালালে অভিযুক্ত গুরুতর আহত হয় এবং বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পরেই নিহত কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। নির্যাতিতার বাবা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন যে পুলিশ ভালো কাজ করেছে। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন যে আইনের ওপরে কেউ স্থান নিতে পারে না এবং মানুষের আস্থা ফেরাতে পুলিশকে মাঝে মাঝে এ ধরনের কঠিন পদক্ষেপ নিতে হয়। তবে মৃত অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *