ট্রেনের টিকিট কাটলেই মিলবে বিমার সুবিধা! রেলের নতুন নিয়মে কী বদল এল?
বার্তা ডেস্কঃ
রেলযাত্রীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিটেও যাত্রীরা পাবেন ভ্রমণ বিমার সুবিধা। এতদিন অনলাইনে টিকিট কাটার সময় এই সুবিধা মিললেও কাউন্টার বা অফলাইন বুকিংয়ের ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না। রেলের এই নতুন নিয়মের ফলে অনলাইন এবং অফলাইন টিকিট বুকিংয়ের সুযোগ-সুবিধায় সমতা আসবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। ২০২৩ সালে ওড়িশার বালাসোরে মর্মান্তিক রেল দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে কাটা সমস্ত টিকিটের ক্ষেত্রেও বিমা কভার বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। তবে কাউন্টার টিকিটের ক্ষেত্রে প্রিমিয়াম এবং পলিসির সুনির্দিষ্ট নিয়মাবলী নিয়ে রেলের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।