হোটেল লিজ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, উলুবারিতে চলল অমানবিক হাতাহাতি!
বার্তা ডেস্কঃ
আসামের গুয়াহাটির ব্যস্ততম উলুবারি এলাকার ‘বিলাস ইন’ হোটেলে সোমবার রাতে আচমকাই ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা। হোটেল লিজ দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে চলেছে একের পর এক গুলি। গুলির বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এবং হোটেলে থাকা মানুষজন প্রাণ বাঁচাতে রাস্তায় ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ঘটনাস্থল থেকে চারজনের দেহ উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
এই মর্মান্তিক হামলায় প্রাণ হারিয়েছেন হোটেল মালিক হেলেনা ভরালি, তাঁর ভাই ভূদেব, ছেলে দেবর্ষি, পুত্রবধূ রিনিকি এবং তাঁদের গাড়িচালক নারায়ণ দাস। পাশাপাশি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন হোটেলের কেয়ারটেকার সত্যেন্দ্র পাঠক। ঘটনার খবর চাউর হতেই এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আসামের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী কংগ্রেস। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।