গাইঘাটায় কিশোরী ধর্ষণ ও খুনের বদলা, ৪৮ ঘণ্টায় এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের গুলিতে নিহত হলো প্রধান অভিযুক্ত প্রহ্লাদ দাস। শনিবার রাতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ওঠে। রবিবার সকালে এক প্রতিবেশীর বাড়ি থেকে তার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতার আত্মীয় প্রহ্লাদকে দ্রুত গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়, যাতে এক পুলিশকর্মী আহত হন। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় প্রহ্লাদ। তাকে দ্রুত চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগে বারুইপুরেও অনুরূপ একটি ঘটনায় নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *