ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত রেল পরিষেবা, বাতিল বহু ট্রেন!

বার্তা ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ২৭ ও ২৮ অক্টোবর মোট ৬৪টি ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বাতিলের তালিকায় ৫৩টি প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের পাশাপাশি দক্ষিণ ভারত ও ওড়িশার মধ্যে চলাচলকারী ১১টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন রয়েছে। এর মধ্যে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা সুপারফাস্ট, সেকেন্দ্রাবাদ-ভুবনেশ্বর নিউ বিশাখা, হায়দরাবাদ-বিশাখাপত্তনম গোদাবরী এবং সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম গরিব রথ এক্সপ্রেসের মতো দূরপাল্লার জনপ্রিয় ট্রেনগুলি অন্তর্ভুক্ত। অন্ধ্রপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে লোকাল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চলাচলে সরাসরি কোনো প্রভাব না পড়লেও দক্ষিণ ভারত থেকে হাওড়াগামী দূরপাল্লার যাত্রীরা মারাত্মক ভোগান্তির মুখে পড়তে পারেন। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যাত্রা শুরুর আগে সমস্ত যাত্রীকে NTES অ্যাপ, রেলের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ১৩৯ ডায়াল করে বাতিলের বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *