ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলের দিকে তীব্র গতিতে ধাবমান এই অতি প্রবল ঝড়!
বার্তা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি উপকূলে এটি আছড়ে পড়তে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ দেড়শো কিলোমিটারে পৌঁছতে পারে। অর্ণবের সরাসরি আছড়ে পড়ার আশঙ্কা বাংলায় না থাকলেও, এর প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় আবহাওয়া দফতর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং বজ্রপাতের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বন্দরগুলিতেও স্থানীয় সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।