পুরুষদের জন্য আসছে জাদুকরী গর্ভনিরোধক বড়ি, বদলে যাবে জন্মনিয়ন্ত্রণের চিরন্তন ধারণা!
বার্তা ডেস্কঃ
গর্ভনিরোধের দায়িত্ব কি এ বার ভাগ করে নিতে পারবেন পুরুষরাও? ফুরবে কি কন্ডোমের প্রয়োজন? যৌনমিলনের আগে একটিমাত্র ট্যাবলেট বা বড়ি খেলেই যদি কয়েক ঘণ্টার জন্য শুক্রাণুর চলাচল থামিয়ে দেওয়া যায়, তা হলে বদলে যেতে পারে প্রচলিত গর্ভনিরোধের হিসাব। আমেরিকার বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমনই এক যুগান্তকারী সম্ভাবনা। পরীক্ষাধীন এই অভিনব ওষুধটি মাত্র ৩০ মিনিটের মধ্যে কাজ শুরু করতে পারে বলে প্রাথমিক ধারণায় জানা গেছে। তবে মানুষের শরীরে এর কার্যকারিতা ও চূড়ান্ত নিরাপত্তা এখনও পরীক্ষার অপেক্ষায় রয়েছে।
পুরুষদের জন্য নতুন এই গর্ভনিরোধক বড়ির মূল অভিনবত্ব হলো এর কার্যপদ্ধতি। সাধারণত পুরুষদের গর্ভনিরোধের স্থায়ী পদ্ধতি হিসেবে ভ্যাসেকটমি ব্যবহার করা হয়, কিংবা হরমোনভিত্তিক নানা গবেষণাও চলছে। কিন্তু এই নতুন ওষুধটির লক্ষ্য শুক্রাণু তৈরি বন্ধ করা নয়, বরং শরীরে আগে থেকে উপস্থিত শুক্রাণুর চলাচল সাময়িকভাবে থমকে দেওয়া। গবেষকদের পরিকল্পনা অনুযায়ী, ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য শুক্রাণুর যে সক্রিয় চলাচলের প্রয়োজন হয়, এই ওষুধটি সেই জৈবিক প্রক্রিয়ায় বাধা দেবে। ওষুধটির প্রভাব কেটে যাওয়ার পর প্রজননক্ষমতা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছেন গবেষকরা।