রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর, আরও ২ রুটে ছুটবে বন্দে ভারত!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে ট্রেন যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে দুটি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। নতুন এই পরিষেবাগুলি মুম্বইয়ের সঙ্গে ব্যাঙ্গালুরু এবং দিল্লির সঙ্গে বারাণসীকে যুক্ত করবে। দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা দিতে এই ট্রেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর থেকে এই দুটি রুটে নতুন পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।
মুম্বই থেকে ব্যাঙ্গালুরু রুটে চলাচলকারী ট্রেনটি প্রায় ১১১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে ১৫ থেকে ১৬ ঘন্টা সময় নিতে পারে এবং এতে ১৬ টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকবে। পাশাপাশি দিল্লি থেকে বারাণসী রুটের ট্রেনটি কানপুর ও প্রয়াগরাজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। অন্যদিকে উৎসবের মরশুমের বাড়তি চাপ সামলাতে নর্দান রেলওয়ে এবার ৬,২০০ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।