দিল্লিতে ১০,০০০ কোটির আর্থিক ক্ষতি! রাহুল গান্ধীর কর্মসূচিতে দিশেহারা ব্যবসায়ীরা
বার্তা ডেস্কঃ
দিল্লিতে ১ নভেম্বর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রস্তাবিত রাজনৈতিক কর্মসূচি ঘিরে নতুন করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’। সংগঠনটির আশঙ্কা, ওই দিন প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত এবং ২০ হাজার বাসের উপস্থিতির কারণে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্রগুলিতে নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হতে পারে। এর ফলে ধনতেরাস ও দীপাবলির মতো লাভজনক উৎসবের মরশুমে প্রায় ১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার জোরদার দাবি জানিয়েছে সিটিআই।
তবে ব্যবসায়ীদের এই অনুরোধে সাড়া দিতে নারাজ রাহুল গান্ধী। এর আগে ১০ নভেম্বরের পরে কর্মসূচি করার আর্জি জানানো হলেও তা খারিজ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না। উৎসবের বাজারের রমরমা সময়ে রাজনৈতিক কর্মসূচির জেরে দোকানপাট বন্ধ বা ক্রেতাদের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে দিন পরিবর্তনের কোনো ইঙ্গিত মেলেনি। রাজনৈতিক সংঘাত ও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কার এই দ্বন্দ্বে এখন শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজধানীর ব্যবসায়ী মহল।