মুর্শিদাবাদ এনকাউন্টার: ডিএসপির দিকে তাক করা রিভলভার, কীভাবে গুলি লাগল অভিযুক্তের মাথায়?
বার্তা ডেস্কঃ
ব্যবসায়ী তথা বিজেপি কর্মী সুজিত মণ্ডল নৃশংস খুন মামলায় ধৃত প্রধান অভিযুক্ত সামাউল শেখ মুর্শিদাবাদের ধুলিয়ানে এনকাউন্টারে নিহত হয়েছেন। পুলিশ সূত্রের দাবি, ধুলিয়ানের ভাড়াবাড়িতে অপরাধের পুনর্নির্মাণ চলাকালীন ধৃত সামাউল হঠাৎই এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পরপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে তার প্রতিটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেই অভিযুক্ত সরাসরি ডিএসপি-র দিকে রিভলভার উঁচিয়ে তাক করলে, ঊর্ধ্বতন আধিকারিকের জীবন বাঁচাতে বাধ্য হয়ে এক পুলিশ ইনস্পেক্টর পালটা গুলি চালান। সেই গুলি সোজা সামাউলের মাথায় গিয়ে লাগলে তাঁকে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য দিকে, পুলিশের এই দাবি ঘিরে তীব্র প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ঘটনার সময় তাঁরা গুলির কোনো শব্দই শুনতে পাননি। সম্প্রতি সুজিতের খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের পর পুলিশের গাফিলতির অভিযোগে আইসি-সহ একাধিক আধিকারিক শাস্তির মুখে পড়েছিলেন এবং সিআইডি ঘটনার তদন্তভার হাতে নেয়। সেই মামলাতেই ধৃত তিন জনের মধ্যে অন্যতম সামাউল শেখ পুলিশের গুলিতে প্রাণ হারালেন, আর বাকি দুই অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।