সাতসকালে কলকাতার সাউথ সিটি কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, আতঙ্কিত বাসিন্দারা!
বার্তা ডেস্কঃ
কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সের ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় শুক্রবার সকালে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সার্ভেন্টস কোয়ার্টারের পাশের এই ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা আবাসন চত্বরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই নিরাপত্তার স্বার্থে দ্রুত পুরো টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ফলে লিফটের পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন বাসিন্দারা। ৩০ তলা ভবনটির ওপরের তলার শিশু ও প্রবীণদের সিঁড়ি বেয়ে হুড়োহুড়ি করে নিচে নামাতে গিয়ে বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ এবং দমকলের ৭টি ইঞ্জিন। বেশ উঁচুতে আগুন লাগায় তা নেভাতে গিয়ে প্রাথমিক পর্যায়ে বেগ পেতে হলেও কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন শেষপর্যন্ত নিয়ন্ত্রণে আসে। সাউথ সিটি রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু জানান, টাওয়ারের বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হলেও সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত, তাও খতিয়ে দেখা হচ্ছে।