অভিষেককে অবিলম্বে জেলে ভরার দাবি! শুভেন্দুর ওপর নজরদারি নিয়ে বিস্ফোরক অর্জুন

বার্তা ডেস্কঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা এবং গতিবিধির ওপর নজরদারি চালানোর এক গুরুতর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৮০ জনকে নিয়ে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতিটি মুহূর্তের যাতায়াত ও অবস্থানের ওপর সূক্ষ্ম নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে বিঘ্নিত করার উদ্দেশ্যেই এই টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তুলে অর্জুন বলেন, ডাবল ইঞ্জিন সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বেশিদিন বাইরে থাকতে পারবেন না এবং তাঁকে অবিলম্বে গ্রেফতার করে গারদে ঢোকানো উচিত।

অন্যদিকে অর্জুন সিংয়ের এই অভিযোগকে পুরোপুরি আমল দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় পাল্টা অর্জুনের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন। বারবার দল বদল করার প্রসঙ্গ টেনে তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কাজ করার কোনো প্রশ্নই ওঠে না, বরং মমতাপন্থী তৃণমূলকে কালিমালিপ্ত করতেই এসব ভুয়ো দাবি করা হচ্ছে। রাজনৈতিক উত্তাপ চরম আকার ধারণ করলেও, মুখ্যমন্ত্রীর ওপর এই ধরণের নজরদারির সপক্ষে এখনো কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো বক্তব্য মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *