সরকারি অনুষ্ঠানে চরম বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার নীলগঞ্জে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান কেন্দ্রের একটি সরকারি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। শুক্রবার ওই কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বাইরে আসতেই স্থানীয় ঠিকা শ্রমিকরা ‘কৌস্তভ বাগচী গো ব্যাক’ এবং ‘ষড়যন্ত্র বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড হাতে তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, বাইরে থেকে লোক এনে তাঁদের কাজ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং এর নেপথ্যে রয়েছেন খোদ বিধায়ক ও ঠিকাদাররা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে বিধায়ককে নিরাপদে বাইরে নিয়ে আসে।
এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ফের প্রকাশ্যে চলে এসেছে ব্যারাকপুর বিজেপির অন্তর্দ্বন্দ্ব। পুরো ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কৌস্তভ বাগচী দাবি করেছেন যে, এই বিক্ষোভের নেপথ্যে দলেরই একাংশের হাত রয়েছে। তিনি ইতিমধ্যেই পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে জানিয়েছেন। পাশাপাশি, তাঁর ধৈর্যকে দুর্বলতা ভাবলে ফল ভালো হবে না বলে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু মন্তব্য ও রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে দলের অন্দরে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এই ঘটনা তারই একটি বহিঃপ্রকাশ। তবে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ দাবি করেছেন যে এই বিক্ষোভের সঙ্গে দলীয় যোগ নেই এবং বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে।