স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা, বর্ধমান মেডিক্যালের দেওয়ালে এখনও সেই বিতর্কিত গ্রাফিতি!

বার্তা ডেস্কঃ

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কড়া নির্দেশের দুই মাস পার হয়ে গেলেও বর্ধমান মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের দেওয়াল থেকে মুছল না বিতর্কিত গ্রাফিতি ও স্লোগান। গত ২১ আগস্ট হাসপাতাল পরিদর্শনে এসে প্রশাসনিক ভবনের দেওয়াল জুড়ে আন্দোলনের নানা লেখা ও ছবি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন মন্ত্রী। ২৪ ঘণ্টার মধ্যে সব দেওয়াল লিখন মুছে সাদা রং করার পাশাপাশি দেওয়াল লিখনের জন্য নির্দিষ্ট মেটাল বোর্ড তৈরির নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে মাসের পর মাস কাটলেও এখনো পর্যন্ত একটা দেওয়ালের রঙও মোছা হয়নি, তৈরি করা হয়নি বিকল্প ব্যবস্থা।

মন্ত্রীর নির্দেশ অমান্য হওয়ার পর থেকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের প্রশাসনিক শিথিলতা এবং উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসক ও পড়ুয়াদের একাংশ। অনেকেই অভিযোগ করেছেন, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ পালনে কোনো সদিচ্ছা দেখানো হয়নি। এই বিষয়ে সংবাদমাধ্যমের তৎপরতা বাড়তেই তৎপর হয়েছে কলেজ প্রশাসন। অধ্যক্ষ সব্যসাচী দাস জানিয়েছেন, দেওয়াল লিখনের জন্য তিনটি মেটাল বোর্ড খুব শীঘ্রই বসানো হবে এবং তারপরই পুরানো গ্রাফিতিগুলো মুছে ফেলা হবে। তবুও ২৪ ঘণ্টার কাজ কেন দু’মাসেও সম্ভব হলো না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *