রবিবার কলকাতা মেট্রোয় ভয়াবহ বিপর্যয়, ৯ ঘণ্টা স্তব্ধ কবি সুভাষের পরিষেবা!
বার্তা ডেস্কঃ
আগামী ১ নভেম্বর, রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে এক বিশাল রুটজুড়ে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে। মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনে প্রয়োজনীয় পাওয়ার ব্লক এবং রক্ষণাবেক্ষণের কাজ চলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনো মেট্রো চলাচল করবে না। এই সময়ের মধ্যে কেবল দক্ষিণেশ্বর থেকে ময়দানের মধ্যেই আপ ও ডাউন পরিষেবা সীমাবদ্ধ থাকবে।
সকাল ৯টায় দক্ষিণেশ্বর এবং ৯টা ১৫ মিনিটে ময়দান থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টার পর থেকে পুরো লাইনে স্বাভাবিক চলাচলের সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ ও পার্পল লাইন রবিবারে এমনিতে বন্ধ থাকে, তবে গ্রিন ও ইয়েলো লাইনে সূচি অনুযায়ী ট্রেন চলবে। ব্যস্ততম এই রুটে রবিবারেও প্রচুর মানুষ যাতায়াত করায় কবি সুভাষমুখী দীর্ঘ পাতালপথ বন্ধের খবরে স্বাভাবিকভাবেই ব্যাপক ভোগান্তির আশঙ্কায় উদ্বিগ্ন নিত্যযাত্রীরা।