২৫ বছরের রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবান্ন, মিলল সরকারি চাকরি!
বার্তা ডেস্কঃ
গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নজিরবিহীন উদ্যোগ নিল রাজ্য সরকার। সূত্রে জানা গেছে, লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত ভোটের হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তৃণমূল আমলের গত ১৫ বছর এবং তার আগের বাম শাসনের ১০ বছর—এই দীর্ঘ ২৫ বছরের সমস্ত রাজনৈতিক ও নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসবে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে আইনি অনুমোদনের পর দ্রুত এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
প্রক্রিয়াটি সুনির্দিষ্ট ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে খুব শীঘ্রই সরকারি বিজ্ঞাপন প্রকাশ করবে প্রশাসন। আবেদনকারীদের জেলাশাসকের দপ্তরে মৃত্যুর নির্দিষ্ট কারণ ও পরিস্থিতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ যাচাই প্রক্রিয়া এবং চূড়ান্ত প্রশাসনিক পর্যালোচনার পরেই ক্ষতিগ্রস্ত পরিবারের মনোনীত এক সদস্যের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে কষ্টে থাকা পরিবারগুলির ক্ষোভ ও অনিশ্চয়তা দূর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।