রবিবারের মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ, ব্লু লাইনে বন্ধ থাকবে পরিষেবা!
বার্তা ডেস্কঃ
রবিবার কলকাতার ব্লু লাইন মেট্রো যাত্রীদের জন্য ভোগান্তির দিন হতে চলেছে। রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামী ১ নভেম্বর, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের একটি গুরুত্বপূর্ণ অংশে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত কোনও মেট্রো পাওয়া যাবে না। ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে এই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে, যা যাত্রীদের যাতায়াতে সাময়িক প্রভাব ফেলবে।
তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই সময়ের মধ্যে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনেই মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রবিবার ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে এবং বিপরীত দিক থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৯টায়। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টার পর থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ রুটে নিয়মিত সূচি অনুযায়ী মেট্রো চলাচল পুনরায় শুরু হবে।