রাজুদার দোকানে পুরসভার হানা, লাইসেন্স নিয়ে এল বড় নির্দেশ!
বার্তা ডেস্কঃ
শনিবার সকালে শিয়ালদহ এনআরএস হাসপাতালের সামনের ফুটপাতে অবস্থিত ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদার দোকানে আচমকা হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দোকানটিতে তল্লাশি চালিয়ে তাঁর কাছে বিক্রির কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি বলে জানান আধিকারিকরা। ঘটনাস্থলে ফ্লোর টেস্টে রাজুদার তৈরি তরকারি উত্তীর্ণ হলেও, গুণগত মান যাচাইয়ের জন্য ল্যাব টেস্টের উদ্দেশ্যে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, তাঁকে স্বাস্থ্যবিধি মেনে চলার স্বার্থে বাধ্যতামূলকভাবে সার্জিকাল ক্যাপ ও গ্লাভস পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন শুধুমাত্র রাজুদার দোকানই নয়, বরং শিয়ালদহ স্টেশন চত্বরের একাধিক খাবারের দোকানেও যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে সিঙারা, কচুরির ডাল, তরকারি, পচা চিকেন এবং মাছের ডিমের মতো বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করে রাসায়নিকের মাধ্যমে পরীক্ষা করা হয়। গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রমাণিত হওয়ায় মোট একশোটি সিঙারা ও অন্যান্য পচা খাবার তৎক্ষণাৎ ফেলে দেওয়া হয়। অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে সমস্ত দোকানদারকে কঠোরভাবে সতর্ক করেছেন আধিকারিকরা।