অস্ত্রোপচার ছাড়াই স্বাস্থ্যসাথীতে ৩০ কোটির লুট! চাঞ্চল্যকর তথ্যে তোলপাড় প্রশাসন
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শরীরে ছুরি-কাঁচি ছোঁয়ানো না হলেও ভুয়ো বিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই রাজ্যে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের হদিশ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তেই ৩০ কোটি টাকার দুর্নীতির হদিশ মিলেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে জানা গেছে, এই দুর্নীতি চক্রের সঙ্গে থার্ড পার্টি বা টিপিএ এবং স্বাস্থ্যদপ্তরের কিছু অসাধু আধিকারিক যুক্ত রয়েছেন। নার্সিংহোমগুলোর ওপর হুমকি দিয়ে টাকা আদায় এবং ৪০ হাজার টাকার অস্ত্রোপচারের প্যাকেজকে দু’লক্ষ টাকা পর্যন্ত দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি মেডিসিন বিভাগে ভর্তি রোগীর ভুয়ো অস্ত্রোপচার দেখিয়ে কিংবা একটি পরিবারের একজনের চিকিৎসার বিপরীতে পুরো পরিবারের কার্ডের টাকা তুলে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। বর্তমানে ভুয়ো কার্ড চিহ্নিত করতে বাড়ি বাড়ি চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।