বিশাখাপত্তনমের এইচপিসিএল শোধনাগারে বিধ্বংসী আগুন, আতঙ্কে দিশেহারা এলাকা!
বার্তা ডেস্কঃ
সোমবার রাতে বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বিশাখ রিফাইনারিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রিফাইনারির ভেতরে ‘রুফ পিচ অয়েল’ ভর্তি একটি ট্যাঙ্কের কাছে হঠাৎ আগুন লাগার জেরে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ দৃশ্য দেখে মালকাপুরম ও শ্রীহরিপুরমসহ আশেপাশের শিল্পাঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সেই মুহূর্তের দৃশ্য মুঠোফোনে বন্দি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একাধিক দমকলের ইঞ্জিন এবং দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। তেল ট্যাঙ্কে বিস্ফোরণের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, এইচপিসিএল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ আহতও হননি। ট্যাঙ্কে বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিয়ে কর্তারা জানিয়েছেন যে আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে বিশদ তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।