দুর্গাপুরের জনপ্রিয় হোটেলে পচা মাংসের কারবার, আপনিও কি এখানে খাচ্ছেন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুরের মুচিপাড়ায় একাধিক হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম ও পুলিশের যৌথ অভিযানে ভয়ংকর সব অনিমরম সামনে এসেছে। হোটেলগুলির রান্নাঘরে তল্লাশি চালাতে গিয়ে আধিকারিকরা দেখতে পান, পচা মাংস এবং ছত্রাকপড়া পনিরে ভরে রয়েছে ফ্রিজ। মানুষের খাবারের ঠিক পাশেই রাখা ছিল কুকুরের খাবার। দীর্ঘদিন ধরে বাসি ও পুরনো খাবার মজুত থাকলেও তাতে কোনো উৎপাদনের তারিখ বা ট্যাগ লাগানো ছিল না। এই ধরনের অস্বাস্থ্যকর ও বিপজ্জনক খাবার গ্রাহকদের পরিবেশন করা হলে সাধারণ মানুষের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারত।
এই পরিস্থিতিতে হোটেলগুলোর ম্যানেজারদের কড়া ধমক দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে খাবার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মানুষের খাবার থেকে কুকুরের খাবার সম্পূর্ণ আলাদা স্থানে রাখার তাগিদ দিয়েছেন আধিকারিকরা। খাদ্য সুরক্ষা দপ্তরের দুর্গাপুরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, সমস্ত বাসি ও পচা খাবার উদ্ধার করার পাশাপাশি হোটেলগুলিকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।