কালীপুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, মিলবে আগাম বেতন ও বাইক কেনার লোন!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য প্রদানে ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’ চালুর ঘোষণা করেছে নবান্ন। মঙ্গলবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীরা চিকিৎসা, পড়াশোনা বা জরুরি প্রয়োজনে নেট বেতনের ভিত্তিতে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি অগ্রিম টাকা তোলার সুযোগ পাবেন। স্বল্পমেয়াদি অগ্রিম হিসেবে নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ৬০ দিনের মধ্যে সুদহীনভাবে ফেরত দেওয়া যাবে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা পরিশোধের সুবিধা মিলશે, যার বার্ষিক সুদের হার সর্বোচ্চ ২৬ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে নিয়মানুযায়ী, একসঙ্গে একটির বেশি অ্যাডভান্স নেওয়া যাবে না এবং ডিজিটাল সম্মতির মাধ্যমে সরাসরি বেতন থেকে কিস্তির টাকা কাটা হবে।
পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের দুই চাকা বাহন কেনার সুবিধা দিতেও বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মোটর সাইকেল, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে অগ্রিম ঋণের আর্থিক সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের যানবাহন কেনার প্রথম অ্যাডভান্স হিসেবে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। তবে ঋণের এই পরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকা, কর্মীর ৫ মাসের বেসিক বেতন কিংবা সংশ্লিষ্ট টু-হুইলারের সম্ভাব্য বাজারমূল্য—এই তিনটি উপাদানের মধ্যে যেটি সর্বনিম্ন, তার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে।