ঘূর্ণিঝড় বিদায় নিতেই আবহাওয়ায় বড় চমক, শীত না কি বৃষ্টি, কী বলছে পূর্বাভাস?

বার্তা ডেস্কঃ

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব কাটতেই কলকাতা-সহ সমগ্র বাংলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে এবং হাওয়ায় হালকা উত্তুরে হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কমে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যদিও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে শনিবারের মধ্যে প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তবে শীতের আমেজের সঙ্গেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৯ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ১০ ও ১১ নভেম্বর কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ১০ নভেম্বর কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উপকূলীয় জেলাগুলিতেও এই বৃষ্টির ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *