তৃণমূলের কার্যালয়ে কোটি টাকা উদ্ধার, রাজনীতিতে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। সরকারি জমি দখল ও মাটি চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের ওই কার্যালয় থেকে এই বিপুল অর্থ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ছ’মাস আগে বিজেপির হামলায় ক্ষতিগ্রস্ত ওই পার্টি অফিসে পরিকল্পিতভাবে ভুয়ো প্রমাণ সাজিয়ে রাখা হয়েছে এবং তদন্তকারীদের প্রভাবিত করার চেষ্টা চলছে। যারাই এই ষড়যন্ত্রে যুক্ত, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের সকলকেই আইনের মুখোমুখি হতে হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, অভিষেকের এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলকে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থকে তৃণমূল নেতাদের কাছে ‘নস্যি’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, এটি ভুল করে ফেলে যাওয়া সামান্য অর্থ মাত্র, এর বাইরেও বিপুল পরিমাণ কালো টাকা অন্যত্র সরানো, বেনামে সম্পত্তি কেনা ও বিদেশে পাঠানো হয়েছে। বেশ কিছু সংস্থায় দুর্নীতির টাকা বিনিয়োগের তথ্য পুলিশের কাছে রয়েছে জানিয়ে শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূলের আমলে রাজ্যের রাজস্ব তছরুপ হলেও বর্তমান সরকারের আমলে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। কোটি টাকা উদ্ধারের সূত্র ধরে একদিকে যেমন অভিষেকের ‘সাজানো ঘটনা’র অভিযোগ এবং অন্যদিকে শুভেন্দুর বৃহত্তর আর্থিক দুর্নীতির পাল্টা দাবিতে সরগরম রাজ্য রাজনীতির ময়দান।