নিজ ঘরে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ব্যবসায়ী!
বার্তা ডেস্কঃ
কর্নাটকের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় নিজের ১৯ বছরের মেয়ের সাথে ২২ বছরের কর্মচারী কিরণকে ঘরে দেখতে পেয়ে ক্রিকেট ব্যাট ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সি ব্যবসায়ী আনন্দরাজের বিরুদ্ধে। কেরলের বাসিন্দা মৃত কিরণ ওই ব্যবসায়ীর সুইট কর্ন তৈরির মেশিনের কারখানায় কাজ করতেন এবং তরুণীর সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার দিন পরিবারসহ বাইরে যাওয়ার কথা থাকলেও ব্যবসায়ী আনন্দরাজ হঠাৎ বাড়ি ফিরে দুজনকে একসাথে দেখে স্ত্রীকে নিয়ে মেয়েকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন এবং কিরণকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করেন।
মারধরের একপর্যায়ে কিরণ সংজ্ঞা হারালে অভিযুক্ত আনন্দরাজ নিজেই তাঁকে অটোতে করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যবসায়ী আনন্দরাজকে গ্রেফতার করেছে। মৃতের পরিবারের অভিযোগ, কিরণের ভাইকে আগে থেকে দূরে কাজে পাঠিয়ে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশি তদন্তেও প্রাথমিকভাবে পরিকল্পিত খুনের তথ্য উঠে এসেছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।