১০০ অপরাধ করলেও খোরপোষ দিতেই হবে, মনুস্মৃতির শ্লোকে বড় নির্দেশ হাইকোর্টের!
বেতন থেকে সরাসরি খোরপোষ কাটার নির্দেশ হাইকোর্টের, স্বস্তিতে স্ত্রী ও সন্তান
নিজস্ব প্রতিবেদন: বিবাহিত স্ত্রী ও নাবালিকা কন্যার খোরপোষ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট। এখন থেকে স্বামীর বেতনের ২৫ শতাংশ সরাসরি তাঁর কর্মস্থল ‘ইন্ডিয়ান ব্যাঙ্ক’ থেকে কেটে স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। পারিবারিক আদালতের পূর্ববর্তী ১৯ হাজার টাকা খোরপোষের নির্দেশের পরিবর্তে হাইকোর্ট এই নতুন ব্যবস্থা গ্রহণ করেছে।
বিচারপতি প্রবীন কুমার গিরির বেঞ্চ এই নির্দেশ দিয়ে পর্যবেক্ষণ করেন, স্বাবলম্বী নন এমন স্ত্রী, নাবালক সন্তান এবং বাবা-মায়ের ভরণপোষণ করা কেবল আইনি দায়িত্বই নয়, এটি একটি পবিত্র কর্তব্য। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের পাশাপাশি বিচারপতি এ ক্ষেত্রে মনুস্মৃতির একাদশ অধ্যায়ের ১০ নম্বর শ্লোকটিও উদ্ধৃত করেন। তিনি বলেন, “বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং নাবালক সন্তানকে রক্ষা বা ভরণপোষণ করতে হবে, প্রয়োজনে ১০০টি অন্যায় কাজ করেও করতে হবে— মনু এমনই নির্দেশ দিয়েছেন।”
মামলাকারীর আইনজীবী দিবস ভার্মা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন যেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ সরাসরি বেতনের একাংশ কেটে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করে। এর ফলে প্রতি মাসে খোরপোষ আদায় নিয়ে যে জটিলতা তৈরি হয়, তা আর থাকবে না। সেই আবেদন মঞ্জুর করে হাইকোর্ট পারিবারিক আদালতের নির্দেশ সংশোধন করেছে। এখন থেকে আয়কর বাদে ওই ব্যক্তির মাসিক বেতনের ২৫ শতাংশ সরাসরি তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যার জন্য নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।