শ্রীকৃষ্ণকে ‘বাঁকা’ বলে বিপাকে বাগেশ্বর বাবা, মামলা করল আদালত!

ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরে রামকথা চলাকালীন শ্রীকৃষ্ণের বংশীধারী রূপকে ‘বাঁকা’ আখ্যা দিয়ে রামের ধনুকের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর এই মন্তব্যে কৃষ্ণভক্তদের ভাবাবেগে গভীর আঘাত লেগেছে এবং উত্তরসূরিদের অপমান করা হয়েছে—এই অভিযোগে আগ্রা নিম্ন আদালতে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। যদিও পরবর্তীতে বাগেশ্বর বাবা তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, তবুও ক্ষোভ প্রশমিত হয়নি।

আগ্রা সিভিল কোর্টের বিচারক কাঞ্চন কুমার মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই মামলায় বাগেশ্বর বাবার কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বিশেষ করে মথুরা ও বৃন্দাবনের হিন্দু সন্ন্যাসী ও কৃষ্ণভক্তরা এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। তাঁদের মতে, আপামর হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণকে নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *