ট্রাম্পের ভরাডুবিতেই কি ঘুরছে যুদ্ধের চাকা? আমেরিকার কাছে নতুন ৭ শর্তে পরমাণু প্রস্তাব ইরানের
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দলের ভরাডুবির পর আমেরিকার কাছে নতুন করে পরমাণু প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে হোয়াইট হাউসে পৌঁছানো এই প্রস্তাবে তেহরান সাফ জানিয়েছে, ওয়াশিংটন তাদের ৭টি শর্ত পূরণ করলেই কেবল পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় বসবে তারা। মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরানের এই শর্তাবলী বর্তমানে খতিয়ে দেখা হলেও ট্রাম্প প্রশাসন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলে নি।
‘খালিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের দাবিগুলির মধ্যে রয়েছে লেবাননসহ সব ধরনের শত্রুতার অবসান, নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা, মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান। এমতাবস্থায় সংঘাত অবসানে মধ্যস্থতাকারীরা জোর প্রচেষ্টা চালালেও ট্রাম্প সামরিক কার্যক্রম পুনরায় শুরুর সম্ভাবনা উড়িয়ে দেননি। অন্যদিকে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে গোটা পৃথিবীর ক্ষতিগ্রস্ত অর্থনীতি বাঁচাতে সংঘাতের দ্রুত অবসান চাইছে ভারতসহ একাধিক রাষ্ট্র।