২৪ ঘণ্টার মধ্যে সোজা! দলীয় কোন্দল ও তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলেন অর্জুন সিং
বার্তা ডেস্কঃ
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দুই গোষ্ঠীর সংঘর্ষে খোদ দলের বিধায়কের মার খাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারবার শীর্ষ নেতৃত্বের তরফে কড়া বার্তা দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে কঠোর পদক্ষেপ করার পরামর্শ দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট জানান, দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে এমন পরিস্থিতি তৈরি হতেই থাকবে।
মন্ত্রী অর্জুন সিং দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় নরম মনোভাব দেখালে বিধায়ক ও জেলা সভাপতিদেরও মার খেতে হয়। তাই দলের থেকে কেউ বড় নয় এবং যাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। অর্জুনের দাবি, সঠিক ও কঠোর সিদ্ধান্ত নিলে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তরা সোজা হয়ে যাবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতে রাজ্য নেতৃত্বকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।