হুগলি থেকে দিল্লি পায়ে হেঁটে! রাহুলের সঙ্গে দেখা করে ইতিহাস গড়লেন বাংলার অদম্য তরুণ!
বার্তা ডেস্কঃ
রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন ৩ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে আসা হুগলির দেবাশিস
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর প্রতি আনুগত্য ও দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে টানা ৩ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে দিল্লি পৌঁছালেন হুগলি জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাশিস। গত ৩১ মে কামাখ্যা দেবীর আশীর্বাদ নিয়ে শুরু হওয়া এই দীর্ঘ পদযাত্রা শেষ হয় গত ২৮ অক্টোবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত ৫ নভেম্বর দিল্লিতে রাহুল গান্ধীর সরকারি বাসভবনে প্রিয় নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।
জানা গেছে, রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাঁর নেতৃত্বেই ‘ইন্ডিয়া’ (INDIA) জোট সরকার গঠন করবে—এই দৃঢ় রাজনৈতিক বিশ্বাস থেকেই দেবাশিস এই কঠিন পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানার মতো একাধিক রাজ্য পেরিয়ে তিনি দিল্লির গন্তব্যে পৌঁছান। পথে নানা শারীরিক ক্লান্তি ও প্রতিকূলতাকে জয় করে শেষ পর্যন্ত তিনি তাঁর লক্ষে অবিচল ছিলেন।
কোনো আনুষ্ঠানিক দলীয় কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত নিষ্ঠা ও একাগ্রতার বশবর্তী হয়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই ঘটনা এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে। রাহুলের সঙ্গে সাক্ষাতের পর দেবাশিসের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নপূরণের বিষয়টি কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে।