সুন্দরবনে মিলল বহু প্রাচীন কালী মূর্তি, পুজোর আগেই খুশির জোয়ার!
বার্তা ডেস্কঃ
বর্ষায় মন্দির থেকে হারিয়ে যাওয়া মা কালীর মূর্তি পুজোর ঠিক আগে অলৌকিকভাবে ফিরে এল সুন্দরবনের পুঁইজালী গ্রামে। রায়মঙ্গল নদীতে মাছ ধরার সময় এক মৎস্যজীবীর জালে মূর্তিটি ওঠে। মাধবকাটি গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডল সেই মূর্তিটি উদ্ধার করে নিজেদের গ্রামে স্থাপন করেন। পরে সামাজিক মাধ্যমে ভিডিও দেখে পুঁইজালী গ্রামের বাসিন্দারা সেটিকে তাঁদের হারিয়ে যাওয়া প্রতিমা বলে শনাক্ত করেন। উভয় গ্রামের মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসনের আলোচনায় সমস্ত প্রমাণ যাচাই করে মাধবকাটি কমিটি মূর্তিটি পুঁইজালী গ্রামের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মূর্তি ফিরে পাওয়ায় পুঁইজালী গ্রামে আনন্দের বন্যা বয়ে গেছে এবং মহাধুমধামে পূজার প্রস্তুতি শুরু হয়েছে। পুঁইজালী পূজা কমিটির সদস্য উত্তম পাত্র জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় ও মাধবকাটি কমিটির সহযোগিতায় তাঁরা নিজেদের দেবীপ্রতিমা ফিরে পেয়েছেন এবং তা আবার কালিমন্দিরে স্থাপন করা হবে। মাধবকাটি মন্দির কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে মাকে সঠিক মন্দিরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।