শতবর্ষ পেরোতেই বদলে গেল নৈহাটির বড়মার মন্দিরের নামফলক! নেপথ্যে কী কারণ?

 

নৈহাটির বড়মার মন্দিরের নামফলক বদল, নেপথ্যের কারণ জানালেন বিধায়ক

নৈহাটি: রাজ্যের অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্যটনকেন্দ্র নৈহাটির ১০৩ বছরের প্রাচীন বড়মার মন্দিরের নামফলক পরিবর্তন নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিরসনে মুখ খুললেন স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। নতুন নামফলক উন্মোচনের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই।

সম্প্রতি মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে নামফলকের লেখা পরিবর্তন করা হয়, যা নিয়ে বিভিন্ন মহলে রাজনৈতিক উদ্দেশ্য থাকার জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার এ বিষয়ে বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, “নৈহাটির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল মন্দিরের নামফলকে ‘সনাতন’ শব্দটির উল্লেখ থাকুক। এই মন্দির এবং পুজোয় সনাতনীদের অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়েই এই পরিবর্তন করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”

নামফলক পরিবর্তনের পর ধর্মনিরপেক্ষতার বার্তা ম্লান হয়ে যাচ্ছে কি না বা অ-সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আসবে কি না—এমন প্রশ্নের উত্তরে বিধায়ক জানান, পূর্বের মতোই সব ধর্মের মানুষ মন্দিরে আসতে পারবেন। তবে তিনি স্পষ্ট করেন যে, পুজোর যাবতীয় দায়িত্ব ও পরিচালনা সম্পূর্ণভাবে সনাতনীদের হাতেই থাকবে।

মন্দির কমিটির সভাপতি তথা বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, “‘সনাতন’ শব্দের অর্থ হলো আদি। ভক্তরা নিজেদের অধিকারের কথা ভেবে এই পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। কমিটির বিভিন্ন প্রস্তাবিত নামের মধ্য থেকেই এটি বেছে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, কালীপুজোর আগে ১০৩ বছর প্রাচীন এই মন্দিরের নামফলক পরিবর্তনের বিষয়টি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছিল, যার ব্যাখ্যা দিলেন জনপ্রতিনিধি ও মন্দির কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *