স্বাধীনতার পর প্রথমবার আলোর মুখ দেখল গ্রাম, ডবল ইঞ্জিন সরকারের ম্যাজিকে ফিরল প্রাণ!

 

স্বাধীনতার দীর্ঘ ৭৫ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত তারকেশ্বরের চাকদহ গ্রাম

নিজস্ব প্রতিবেদন, তারকেশ্বর: স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও যে গ্রামে পৌঁছায়নি বিদ্যুতের আলো, অবশেষে সেই চাকদহ গ্রামে এল বিদ্যুৎ সংযোগ। হুগলির তারকেশ্বরের অষ্ট্রদত্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে প্রায় ৪০০টি আদিবাসী পরিবারের বাস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির প্রাক্কালে গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছানোয় খুশি স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় সরকার পরিবর্তিত হলেও চাকদহ গ্রামের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দশকের পর দশক অন্ধকারেই কেটেছে গ্রামবাসীর জীবন। তবে সম্প্রতি ওই এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ায় গ্রামটিতে খুশির হাওয়া বইছে। সনাতন হাঁসদা ও লালু মুর্মুদের মতো গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের বঞ্চনার পর অবশেষে গ্রামের দিকে কেউ নজর দিল।

এ বিষয়ে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানান, ভোট প্রচারের সময় তিনি এই গ্রামের অন্ধকার অবস্থার কথা জানতে পারেন এবং তখনই গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধায়কের দাবি, ১৯৯৭-৯৮ সাল থেকে এই গ্রামের মানুষ বিজেপিকে সমর্থন করায় রাজনৈতিক কারণে এতদিন তাদের বঞ্চিত রাখা হয়েছিল।

বিদ্যুৎ দফতর সূত্রে জানা গেছে, এক মাস আগে গ্রামে মিটার বসানোর কাজ শুরু হয়। বর্তমানে গ্রামের ১০০টিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং ৫০টি বাড়িতে ইতিমধ্যেই মিটার বসানো সম্পন্ন হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলি বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন। দীর্ঘদিনের অন্ধকারে থাকা গ্রামটি অবশেষে বিদ্যুতায়িত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অষ্ট্রদত্তপুর পঞ্চায়েতের চাকদহ গ্রামের বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *