ধনতেরসের সকালেই বিরাট সুখবর, হুড়মুড়িয়ে কমল সোনা ও রুপোর দাম!
বার্তা ডেস্কঃ
ধনতেরসের আগে স্বস্তি, এক ধাক্কায় কমল সোনা ও রুপোর দাম
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে সোনা ও রুপোর বাজারে বড়সড় দরপতন। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর সকালের সূচক অনুযায়ী, প্রতি গ্রাম ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম ৩৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১৪,০৮৭ টাকায়। আগের দিন এই দর ছিল ১৪,৪৩৭ টাকা।
সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার দাম গ্রামপ্রতি ৩৩৫ টাকা কমে হয়েছে ১৩,৩৮০ টাকা। পাশাপাশি, ২২ ক্যারেট সোনার কেনার দাম প্রতি গ্রামে ৩১৮ টাকা কমে দাঁড়িয়েছে ১২,৮১৯ টাকায়। অন্যদিকে, ১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দাম গ্রামপ্রতি ২৭৫ টাকা কমে হয়েছে ১০,৯৮৫ টাকা।
সোনা ছাড়াও রুপোর দামেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর বারের দাম ৭,৮২৩ টাকা কমে ১,৮৪,৩৯০ টাকায় নেমেছে, যা আগের দিন ছিল ১,৯২,২১৩ টাকা। উল্লেখ্য, এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি (GST) যুক্ত নয়। গয়না কেনার সময় মেকিং চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হলে চূড়ান্ত মূল্য আরও বাড়তে পারে।
উল্লেখ্য, হিন্দু সংস্কৃতিতে ধনতেরসের দিনে সোনা বা রুপো কেনাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। দীপাবলির প্রাক্কালে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে আয়োজিত এই উৎসবে দেবী লক্ষ্মী ও কুবেরের আরাধনা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এদিন মূল্যবান ধাতু ঘরে আনলে সংসারে সমৃদ্ধি আসে।
তবে উৎসবের আবহে সোনা কেনার সময় গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনো গয়না কেনার আগে অবশ্যই বিআইএস (BIS) হলমার্ক এবং ছয় অঙ্কের এইচইউআইডি (HUID) নম্বর যাচাই করে নেওয়া বাধ্যতামূলক। এছাড়াও, কেনাকাটার আগে একাধিক দোকান ঘুরে মেকিং চার্জ এবং জিএসটি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে তবেই বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।