একবেলা ভাত জুটত না যার, আজ তিনি বিদেশে চাল রফতানি করে ছেলেকে দিলেন বিএমডব্লিউ!

 

নবম শ্রেণিতে ভালো ফলের পুরস্কার: ছেলেকে ২.৩০ কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার

নিজস্ব প্রতিবেদক: নবম শ্রেণির পরীক্ষায় আশানুরূপ ফলাফল করায় ছেলেকে একটি বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি উপহার দিয়ে তাক লাগিয়ে দিলেন এক বাবা। গাড়িটির বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই কৌতুকের ছলে প্রশ্ন তুলছেন, হাফ-ইয়ারলি পরীক্ষাতেই যদি এমন উপহার মেলে, তবে চূড়ান্ত পরীক্ষায় কী উপহার দেবেন তিনি?

এই বিলাসবহুল উপহার প্রদানকারী সামসুদ্দিন মূলত চালের ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি তিনটি বৃহৎ চাল কলের মালিক এবং তাঁর ব্যবসার বিস্তৃতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে। সামসুদ্দিন জানান, তাঁর উৎপাদিত চালের ৯০ শতাংশই বিদেশে রপ্তানি হয়।

তবে এই সাফল্যের পথটি মোটেও মসৃণ ছিল না। নিজের সংগ্রামের কথা স্মরণ করে সামসুদ্দিন বলেন, একসময় মুম্বাইতে শ্যুটিংয়ের সেটে লাইটম্যান হিসেবে কাজ করতেন তিনি। এমনকি একবেলা খাবার জোগাড় করাও তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছিল। অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমেই তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। তাঁর কথায়, “আমি চাই আমার জীবনসংগ্রামের গল্প শুনে তরুণ প্রজন্ম উজ্জীবিত হোক।”

গাড়ির প্রতি বিশেষ অনুরাগী সামসুদ্দিনের সংগ্রহে ইতিমধ্যে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুণ্ডাই আলকাজারের মতো দামি গাড়ি রয়েছে। ছেলের জন্য কেনা নতুন বিএমডব্লিউ প্রসঙ্গে তিনি বিনয়ের সঙ্গে বলেন, “আল্লাহর আশীর্বাদেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং গাড়িটি কেনার সামর্থ্য অর্জন করেছি।”

পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ব্যবসার উন্নতির পাশাপাশি ভবিষ্যতে সমাজসেবামূলক কাজে আরও বেশি সময় ও অর্থ ব্যয় করার ইচ্ছা রয়েছে তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *