পুরুলিয়ায় মাদক বিরোধী বড় সাফল্য, উদ্ধার ১৫২ লিটার নিষিদ্ধ সিরাপ ও গ্রেফতার সাত!

বার্তা ডেস্কঃ

 

পুরুলিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭, উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ

নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অঙ্গ হিসেবে মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেফতার করল জেলা পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ও গাঁজা।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, জেলার হুড়া, আড়শা, জয়পুর, টামনা, পুরুলিয়া সদর এবং পুরুলিয়া মফস্‌সল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে অপূর্ব গোপ, সুবোধ কুমার, বাবলু, আলম আনসারি, লব কুমার, শেখ জাকির ওরফে কোটা এবং প্রিয়াঙ্কা দাস।

পুলিশ সূত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে পুরুলিয়া মফস্‌সল থানার রাঘবপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই প্রায় ১৫২ লিটার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে। পুলিশ সুপারের মতে, পাচারকারীরা ধরা পড়ার ভয় থেকে সাধারণত একবারে বেশি পরিমাণে মাদক বহন করত না, তবে এবারের অভিযানে বড়সড় সাফল্য মিলেছে।

মাদক কারবার রোধে রাজ্য সরকারের কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পুলিশ সুপার জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে। জেলায় মাদক বিরোধী এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *