ভুয়ো ডাক্তার ধরতে এবার নয়া নিয়ম, কী এই KYD?

 

ভুয়ো চিকিৎসকদের ধরতে এবার ‘নো ইউর ডক্টর’ (KYD) উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজ্যে সক্রিয় ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে নজিরবিহীন উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে চিকিৎসকদের জন্য চালু হতে চলেছে ‘নো ইউর ডক্টর’ বা ‘কেওয়াইডি’ (KYD) পদ্ধতি। বৃহস্পতিবার এ বিষয়ে তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন রোলে প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম নথিভুক্ত রয়েছে। এদের প্রত্যেকের রেজিস্ট্রেশন পুনরায় যাচাই (রি-ভ্যালিডেশন) করা হবে। স্বাস্থ্য দপ্তর ও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ব্যাঙ্কিং ব্যবস্থার কেওয়াইসি (KYC)-র ধাঁচেই এই ‘কেওয়াইডি’ পদ্ধতি কার্যকর করা হবে। এটি মূলত দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হবে— ‘ম্যানুয়াল কেওয়াইডি’ (MKYD) এবং ‘ভিডিয়ো কেওয়াইডি’ (VKYD)। যে সমস্ত চিকিৎসক সশরীরে স্বাস্থ্য ভবনে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন যাচাই করাতে পারবেন, তাঁদের ম্যানুয়াল পদ্ধতিতে নথি পরীক্ষা করা হবে। বয়স্ক বা দূরবর্তী স্থানে থাকা চিকিৎসকদের জন্য ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যাচাইয়ের সুযোগ থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সফটওয়্যারটি বেশ পুরনো হওয়ায় এই প্রক্রিয়া শুরু করতে কিছুটা সময় লাগছে। ডেটা সুরক্ষিত রেখে দ্রুত নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। এই কাজের জন্য বেসরকারি কোনো সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানা গেছে।

রাজ্যে প্রচুর ভুয়ো চিকিৎসক সক্রিয় রয়েছেন বলে স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সঠিক সময়ে এ সংক্রান্ত সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হবে। এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *