পুলিশের দিকে তেড়ে গেলেন অভিষেক, কী বললেন তিনি!
অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, পুলিশের সাথে বচসা ও বিজেপিকে তোপ
নিজস্ব প্রতিবেদক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি কর্মী ও তৃণমূল সমর্থকদের মধ্যে দফায় দফায় উত্তজনা ছড়িয়ে পড়ল। ঘটনায় অভিষেকের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিষেক নিজে রাস্তায় নেমে আসেন এবং পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন।
জানা গেছে, বিজেপি সমর্থকদের বিক্ষোভের জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ির ভেতরে চলে যাওয়ার অনুরোধ করে। এই অনুরোধে ক্ষুব্ধ হয়ে অভিষেক পাল্টা প্রশ্ন করেন, “আমি জায়গা খালি করব না। আমি এখানেই বসব। এটা কি আপনার পৈত্রিক সম্পত্তি?” এ সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে অভিষেক পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি পাবলিক সার্ভেন্ট, আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি মানুষের চাকর, আমি মানুষের নির্বাচিত প্রতিনিধি।”
অভিষেক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, “রাত আড়াইটার সময় তাণ্ডবলীলা চালানো হচ্ছে, আর আপনারা নীরব দর্শকের মতো দেখছেন। দালালিটা কম করুন। আমাদের একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ১৫ মিনিটের মধ্যে তাঁকে ছাড়া না হলে আমি থানার বাইরে ধর্নায় বসব।”
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এটি একটি পরিকল্পিত হামলা। তিনি বলেন, “ওরা হত্যা করার উদ্দেশ্যে এসেছিল। রিভলভার নিয়ে হামলা চালানো হয়েছে। আমাদের এক কর্মীর হাত গুরুতর জখম হয়েছে, তাঁকে প্লাস্টিক সার্জারি করাতে হচ্ছে। অনেকের হাড় ভেঙেছে। পুলিশের সামনেই এসব ঘটেছে।”
পূর্বের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন, “এর আগেও আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। পুলিশ সব জেনেও কোনো ব্যবস্থা নেয়নি।” এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। তবে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।