মাছ-মাংসের স্বাদ হার মানবে, কমলা ফুলকপির জাদুতে আঙুল চাটবেনই!
ভাইফোঁটার পাতে থাকুক ঠাকুরবাড়ি স্পেশাল ‘কমলা ফুলকপি’, জেনে নিন সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদন: ভাইফোঁটার উৎসবে ভোজনরসিক বাঙালির পাতে নতুনত্ব আনতে এবার ট্রাই করতে পারেন ঠাকুরবাড়ি স্পেশাল ‘কমলা ফুলকপি’। মাছ-মাংসের পাশাপাশি নিরামিষ এই পদটি উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে। বাড়িতে বসে কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু পদ, দেখে নিন তার বিস্তারিত রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
একটি বড় ফুলকপি, দুটি কমলালেবু, এক চা চামচ করে জিরে বাটা, আদা বাটা ও ধনে গুঁড়ো, আধ চা চামচ হলুদ গুঁড়ো। এ ছাড়াও স্বাদমতো লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, কাঁচালঙ্কা, ঘি, নুন, চিনি ও সর্ষের তেল প্রয়োজন হবে।
প্রস্তুত প্রণালী:
প্রথমেই ফুলকপি মাঝারি আকারে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর গরম জলে সামান্য নুন ও হলুদ দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ ভাপিয়ে জল ঝরিয়ে রাখুন। পাশাপাশি, কমলালেবুর রস বের করে তা ভালো করে ছেঁকে নিতে হবে।
রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো সোনালি করে ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোরন দিন। এরপর আদা বাটা, জিরে বাটা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা কষানো হলে ভাজা ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর স্বাদ অনুযায়ী নুন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল যোগ করুন।
সবশেষে, ঢিমে আঁচে রান্না করার সময় ছেঁকে রাখা কমলালেবুর রসটুকু দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। তৈরি আপনার ঠাকুরবাড়ি স্পেশাল ‘কমলা ফুলকপি’। ভাতের পাশাপাশি পোলাওয়ের সঙ্গেও এই পদটি দারুণ উপভোগ্য।