অভিষেকের বাড়ির সামনে তুলকালাম, জন্মদিনের রাতেই রণক্ষেত্র এলাকা!

 

অভিষেকের জন্মদিনে কালীঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রাতভর বাড়ির বাইরে অবস্থান তৃণমূল সাংসদের

কলকাতা, ৭ নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে শনিবার মধ্যরাতে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘটনার সূত্রপাত শনিবার রাত দুটো নাগাদ। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে জড়ো হওয়া তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বিজেপির কর্মীরা ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় অভিষেকের কাট-আউট, ছবি ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে নেমে এলে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছায়। বিজেপি কর্মীরা ‘গরু চোর’, ‘মাছ চোর’ বলে স্লোগান দিতে থাকেন। পাল্টা তৃণমূল কর্মীরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্লোগান দেন। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয় এবং র‍্যাফ (RAF) মোতায়েন করা হয়।

এই পরিস্থিতির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে কর্মী-সমর্থকদের সঙ্গে বসে পড়েন। পুলিশ তাঁকে বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ করলে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাঁর দাবি ছিল, যে তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে, তাঁকে মুক্তি দিতে হবে। রাত দুটো থেকে ভোর ছ’টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা তিনি সেখানেই অবস্থান করেন। শেষ পর্যন্ত আটক তৃণমূল কর্মীকে ছেড়ে দেওয়ার পর পুলিশের অনুরোধে তিনি বাড়ির ভেতরে ফিরে যান। পরে সকালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল সাংসদ দোলা সেন।

অন্যদিকে, পুরো ঘটনা নিয়ে বিজেপি সমর্থকদের দাবি, তাঁরা কালীপুজোর ঠাকুর নিয়ে ফিরছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁদের লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দিলে বাদানুবাদের সূত্রপাত হয়। এই ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা বজায় রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *