মোদি স্টাইলে সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন শুভেন্দুর, যাবেন সুন্দরবনের বিএসএফ পোস্টে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ অনুসরণ করে এবার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের সঙ্গেই আলোর উৎসব দীপাবলি কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই প্রধানমন্ত্রী মোদি নিয়ম করে সীমান্তে সেনা ও আধাসামরিক বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রশাসনিক দায়িত্বে আসার পর নিজের প্রথম দীপাবলি মোদির সেই রীতির আদলেই উদযাপনের ঘোষণা দিয়ে শুভেন্দু জানান, উৎসবের দিনে নিজের পরিবার ছেড়ে সীমান্তে সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে সময় কাটাতে ও তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানাতে তিনি প্রস্তুত।
এই উপলক্ষে রাজ্যের পুলিশ প্রধানকে (ডিজিপি) সঙ্গে নিয়ে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে যাবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি লালবাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সমন্বয়ে সীমান্ত নিরাপত্তা সুদৃঢ় করতে এবং বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতেই এই পদক্ষেপ। রাজ্য প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সুসম্পর্ক গড়তে ইতিপূর্বে দিল্লিতেও একাধিক বৈঠক হয়েছে বলে জানান তিনি।