কালীঘাটে মমতার বাড়ির রাস্তা আটকে নতুন পুজো! ‘সুপ্রিম কোর্টে লড়ব’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
কালীপুজোর প্রাক্কালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর বাড়ির প্রবেশপথ কার্যত আটকে রাতারাতি নতুন নতুন পুজো শুরু করা হচ্ছে এবং পুরনো ক্লাবগুলির পুজোয় বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে অশান্তি উসকে দেওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানান, প্রয়োজনে তিনি এই অনিয়মের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
অশান্তির সূত্রপাত মূলত শুক্রবার মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে। অভিষেকের অনুগামীরা সেখানে জমায়েত হলে কালী মূর্তি নিয়ে যাওয়া বিজেপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা, ‘চোর’ স্লোগান এবং হাতাহাতি শুরু হয়। এসময় অভিষেকের ব্যানার ও কাটআউট ছেঁড়ার অভিযোগ ওঠে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছলে ফের উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকা পুলিশে ছয়লাপ হয়ে যায়। বিজেপির উসকানিমূলক আচরণের বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ করছে না বলেও ক্ষোভ প্রকাশ করা হয়।